

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোলকে ঘিরে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাদের দাবি, একই ধরনের ঘটনায় আর্জেন্টিনার লিওনেল মেসির গোল বৈধ হিসেবে গণ্য হলেও ভিনিসিয়ুসের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম এস্তাদাও এ তথ্য জানিয়েছে।
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ২২তম মিনিটে জ্যাক হেনরির কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে জালে বল পাঠান ভিনিসিয়ুস। তবে ভিএআর পর্যালোচনার পর রেফারি সিজার রামোস সিদ্ধান্ত দেন, বল দখলের সময় ভিনিসিয়ুস পেছন থেকে হেনরিকে ফাউল করেছেন। ফলে গোলটি বাতিল করা হয়।
যদিও সেই হতাশা দ্রুতই কাটিয়ে ওঠেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচে আরও দুটি গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানের জয় এনে দেন তিনি। তবে প্রথম গোলটি স্বীকৃতি পেলে বিশ্বকাপে নিজের হ্যাটট্রিকও পূর্ণ হতো।
সিবিএফের দাবি, রেফারির এই সিদ্ধান্তে শুধু ব্রাজিলই নয়, বিস্মিত হয়েছিল স্কটল্যান্ডের খেলোয়াড়রাও। তাদের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, মাঠে উপস্থিত কেউই ফাউলের বাঁশি বা গোল বাতিলের সিদ্ধান্ত প্রত্যাশা করেননি।
নিজেদের অবস্থানের পক্ষে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনাও তুলে ধরেছে সিবিএফ। ওই ম্যাচের ৩৮তম মিনিটে লিওনেল মেসির গোলের আগে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ট্যাকল করেন অস্ট্রিয়ার সাভের শ্লাগারকে। শ্লাগার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং সেই আক্রমণ থেকেই গোল করেন মেসি। অস্ট্রিয়ার খেলোয়াড়রা আপত্তি জানালেও সিদ্ধান্ত বদলানো হয়নি।
এই দুই ঘটনার তুলনা টেনে সিবিএফ প্রশ্ন তুলেছে, যদি মেসির গোলের আগে সংঘটিত ট্যাকলকে ফাউল হিসেবে ধরা না হয়, তাহলে ভিনিসিয়ুসের গোল বাতিলের যৌক্তিকতা কোথায়?
স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। এই ম্যাচের বিজয়ী দলই জায়গা করে নেবে টুর্নামেন্টের পরবর্তী পর্বে।
