সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল বসনিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:৩৮ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখল বসনিয়া ও হার্জেগোভিনা।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সিয়াটলের লুমেন ফিল্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। জয়ের বিকল্প ছিল না কারও সামনেই। সেই চ্যালেঞ্জে সফল হয়েছে ইউরোপের দল বসনিয়া।

এই জয়ে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে বসনিয়ার সংগ্রহ চার পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা রয়েছে গ্রুপের তৃতীয় স্থানে। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কানাডা, আর সাত পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড।

তৃতীয় স্থানে থেকেও সেরা আট দলের একটি হিসেবে নকআউট পর্বে ওঠার আশা ধরে রেখেছে বসনিয়া। অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাতার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। ২৯তম মিনিটে কেরিম আলাইবেগোভিচের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি। ইভান বাসিচের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া তার শটটি জালের ওপরের ডান কোণে গিয়ে জড়ায়।

পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ে। ৩৪তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া।

তবে বিরতির আগে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় কাতার। ৪২তম মিনিটে দলের অধিনায়ক হাসান আল-হাইদোস গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় কাতার, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বসনিয়ার কাছেই। একাধিক সুযোগ নষ্ট করার পর ৮০তম মিনিটে জয় নিশ্চিত করে তারা। কর্নার থেকে সৃষ্ট সুযোগে ডেনিস হাদজিকাদুনিচের সহায়তায় এরমিন মাহমিচ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন