বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:০০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনা জাতীয় দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় এবার দলের সঙ্গে মাঠে নেই তিনি। তবে সমর্থক হিসেবে পুরোপুরি পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

বাংলাদেশ সময় বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।

২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। ফলে এবার বিশ্বকাপে মাঠে নেমে দেশের হয়ে লড়াই করার সুযোগ নেই তার। তবু দূর থেকে দলের প্রতি নিজের সমর্থন জানাতে ভোলেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ডি মারিয়া লিখেছেন, ‘আজ থেকে আর্জেন্টিনার নতুন এক স্বপ্নযাত্রা শুরু হলো। আমি পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি।’

তিনি আরও বলেন, ‘মাঠে খেলোয়াড় হিসেবে লড়াই করার অনুভূতি আমি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও আমার জানা। আমি শুধু বলতে চাই, তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি।’

ডি মারিয়ার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেক সমর্থকই সাবেক এই তারকার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যগুলোর অন্যতম নায়ক ছিলেন ডি মারিয়া। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার করা একমাত্র গোলেই শিরোপা জেতে আর্জেন্টিনা। এছাড়া ২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন তিনি। দেশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার অবদান আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Austria VS Jordan
Scheduled
17 Jun, 10:00 AM
VS
World Cup