

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামীকাল শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মোট ৪৮টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। আর বিশ্বকাপের মঞ্চে জার্মানি নামটির সঙ্গে জড়িয়ে থাকে এক দীর্ঘ ইতিহাস।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান একসময় টানা চার বছর নিজেদের দখলে রাখলেও, মাঠের বড় কোনো ট্রফি ছাড়াই শেষ হয়েছে বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’। এডেন হ্যাজার্ডদের বিদায়ের পর দলটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুরোনো গৌরব ফিরিয়ে এনে নতুন দল গড়ে তোলা।
২০২৪ সালের উয়েফা ইউরোর শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর, ২০২৫ সালের জানুয়ারিতে ডোমেনিকো টেডেসকোর স্থলাভিষিক্ত হন ফরাসি কোচ রুডি গার্সিয়া। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার কাজ করলেও ক্লাব ফুটবলে লিল, রোমা এবং লিঁওর মতো দল পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ৬১ বছর বয়সী এই কোচের।
দায়িত্ব নেওয়ার পর উয়েফা নেশনস লিগের প্লে-অফে ইউক্রেনকে হারিয়ে ‘লিগ এ’-তে বেলজিয়ামের অবস্থান টিকিয়ে রাখেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে উয়েফা অঞ্চল থেকে অপরাজিত থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করে তাঁর দল। তবে বাছাইপর্বের পথটি পুরোপুরি মসৃণ ছিল না; উত্তর মেসিডোনিয়া ও কাজাখস্তানের মতো দলের বিপক্ষে পয়েন্ট হারানোর পাশাপাশি রক্ষণভাগের দুর্বলতা বারবার সামনে এসেছে।
বর্তমানে বেলজিয়ামকে ৪-৩-৩ ফর্মেশনে খেলাচ্ছেন গার্সিয়া, যেখানে মূল জোর দেওয়া হচ্ছে বল পজেশন ধরে রাখা এবং কাউন্টার-প্রেসিংয়ের ওপর। তবে রক্ষণভাগে ভিনসেন্ট কোম্পানি বা ইয়ান ভের্টোনগেনের মতো তারকাদের অবসরের পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। স্পোর্টিং সিপির ২১ বছর বয়সী জেনো ডেবাস্ট ও মিলানের কোনি ডি উইন্টারের মতো তরুণেরা রক্ষণ সামলানোর দায়িত্বে থাকলেও অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট।
এই ঘাটতি পূরণে চেলসির তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার রোমিও লাবিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যদিও চোটের কারণে দীর্ঘদিন তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। তবে বড় স্বস্তি হিসেবে ফিরে এসেছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। সাবেক কোচের সঙ্গে বিবাদের জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি।
আক্রমণভাগে বেলজিয়াম এখনো কেভিন ডি ব্রুইনা এবং রোমেলু লুকাকুর মতো অভিজ্ঞ তারকাদের ওপর অনেকাংশে নির্ভরশীল। ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরলেও বয়সের কারণে গতি কিছুটা কমেছে, তবে তাঁর নিখুঁত পাসিং ভিশন এখনো দলের মূল শক্তি। দেশের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু থাকছেন গোল করার মূল দায়িত্বে। যদিও তার অফ ফর্ম চিন্তার কারণ। ম্যানচেস্টার সিটি উইঙ্গার জেরেমি দোকুর ওপর তাই আস্থার ভারটা বেশি। বাছাইপর্বে আটটি ম্যাচেই শুরুর একাদশে থেকে ৫ গোল এবং ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।
বিশ্বকাপে ‘গ্রুপ এইচে’ বেলজিয়ামের প্রতিপক্ষ মিসর, ইরান ও নিউজিল্যান্ড। ১৫ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। গার্সিয়া একপ্রকার চাপ মাথায় নিয়েই এই টুর্নামেন্টে নামছেন, যেখানে সোনালি প্রজন্মের ছায়া থেকে বেরিয়ে নতুন একঝাঁক তরুণদের নিয়ে পথ চলাই বেলজিয়ামের মূল লক্ষ্য।
