

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরেছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৫ রানে থেমে যায় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ব্যাটিং ব্যর্থতায় হার টাইগারদের
১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হন; ব্যক্তিগত ৫ রানে ফেরেন তিনি। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
অন্য প্রান্তে কিছুটা দৃঢ়তা দেখান লিটন দাস। একবার জীবন পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি অধিনায়ক। ২৩ রান করে আখিল হোসেনের স্পিনে বোল্ড হয়ে ফেরেন তিনি। তখন দলের সংগ্রহ ৪৮ রান।
তানজিদ তামিম একাই লড়াই চালিয়ে যান। কিন্তু সঙ্গ দিতে পারেননি কেউই। তাওহিদ হৃদয় ১৫ বলে ১২ রান করে আউট হন, শামীম হোসেনও ব্যর্থ—মাত্র ১ রান। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি তানজিদ; তার বিদায়ে ১১৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ, সেখান থেকেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
৫ নম্বরে নামা জাকের আলি কিছুটা প্রতিরোধ গড়লেও ১৮ বলে ১৭ রানের বেশি এগোতে পারেননি। শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান, কিন্তু বাংলাদেশ তুলতে পারে মাত্র ৬—ফলে ১৪ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় এক রানে ব্র্যান্ডন কিং আউট হন। তবে দ্বিতীয় উইকেটে শাই হোপ ও আলিক আথানেজ দুর্দান্ত জুটি গড়েন। ৫৬ বলেই তারা শতরানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
তবে ১২তম ওভারে নাসুম আহমেদ ফিরিয়ে দেন ৩৩ বলে ৫২ করা আথানেজকে, একই ওভারে পরের বলেই রাদারফোর্ডের স্টাম্প ভেঙে দেন তিনি। পরের ওভারে মোস্তাফিজুর রহমান ফেরান ৩৬ বলে ৫৫ রান করা অধিনায়ক হোপকে।
এরপর রিশাদ হোসেন ও মোস্তাফিজ মিলে আরও চারটি উইকেট তুলে নেন, তাসকিন আহমেদও পান এক উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ—কিন্তু সেই রানই শেষ পর্যন্ত জয় এনে দেয় ক্যারিবীয়দের।
মন্তব্য করুন