

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রথম ম্যাচে জিতে এগিয়ে ছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আর কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্সে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।
মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে স্বাগতিকরা। ইনিংসের সেরা স্কোরার ছিলেন সৌম্য সরকার — ৯১ রান। তার সঙ্গে সাইফ হাসান করেন ৮০ রান। জবাবে মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
ইনিংসের শুরু থেকেই স্পিনে চেপে ধরে বাংলাদেশ। পঞ্চম ওভারে নাসুম আহমেদ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আলিক আথানজেকে। এরপর নিজের পরের ওভারে শূন্য রানে ফেরান আকিম অগাস্টেকে। তৃতীয় শিকার হিসেবে বোল্ড করেন ব্রেন্ডন কিংকে (১৭ বলে ১৮)।
অভিজ্ঞ ব্যাটার শাই হোপকে মাত্র ৪ রানে ফেরান তানভির ইসলাম, আর শারেফানে রাদারফোর্ডকে আউট করেন রিশাদ হোসেন (১২)। নিচের দিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন আকিল হোসেন, ইনিংসের সর্বোচ্চ ২৭ রান আসে তার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে নাসুম ও রিশাদ তিনটি করে, আর মিরাজ ও তানভির দুটি করে উইকেট নেন।
ব্যাটিং শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন দুই ওপেনার সাইফ ও সৌম্য। প্রথম ওভারেই দুই চার মেরে ভালো সূচনা জানান দেন সাইফ, এরপর দ্রুতই আগ্রাসী ব্যাটিংয়ে পঞ্চাশে পৌঁছে যান সৌম্য (৪৮ বলে)। সাইফও পিছিয়ে ছিলেন না—৪৪ বলে তুলে নেন তার প্রথম ওয়ানডে ফিফটি।
দুই ওপেনারের জুটিতে আসে ১৭৬ রান, যা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অন্যতম সেরা উদ্বোধনী পার্টনারশিপ। সাইফ ৮০ রানে (৭২ বলে, ৬ ছক্কা) আউট হলে ভাঙে সেই জুটি। অল্প সময় পরই ৯১ রানে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য (৮৬ বলে)।
দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি কমে যায়। তাওহিদ হৃদয় ২৮, শান্ত ৪৪ রান করে ফেরেন। নিচের দিকে অঙ্কন, রিশাদ ও নাসুম তেমন কিছু করতে পারেননি। তবে শেষদিকে নুরুল হাসান ৮ বলে অপরাজিত ১৬ রানে দলকে ভালো ফিনিশ এনে দেন। মিরাজ করেন ১৭ বলে ১৭ রান।
তিন ম্যাচের লড়াইয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশের মুখে এখন হাসি। ব্যাটিংয়ে সৌম্য–সাইফের দারুণ জুটি, আর বোলিংয়ে নাসুম–রিশাদের ঘূর্ণিঝড়ে মিরপুরে ছিল একতরফা আনন্দের দিন।
মন্তব্য করুন
