

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এবার বড় আর্থিক পরিবর্তন আসছে। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একটি ম্যাচ খেললেই সর্বোচ্চ দেড় লাখ টাকা ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা। এত দিন প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ম্যাচের জন্য সর্বোচ্চ ৭০ হাজার টাকা পেতেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির ওয়ার্কিং কমিটির সভা শেষে এমন ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঘরোয়া চার দিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডে ম্যাচের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে মিলবে ৮০ হাজার টাকা।
নতুন পারিশ্রমিক কাঠামো নিয়ে তামিম বলেন, ‘৬০ জন ক্রিকেটারের জন্য না সবার জন্য করব। নতুন একটা টুর্নামেন্ট হবে সব ম্যাচ বাড়বে। তবে আমি আসার পর একবার বাড়িয়েছিলাম অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায়। এরপর কিন্তু কোনো ম্যাচ হয়নি। নতুন করে আগামী চার দিনের ম্যাচে এখন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পাবে। ওয়ানডে ম্যাচ ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।’
নারী ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি তাদের তিন দিনের ম্যাচকে চার দিনের ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে।
এ বিষয়ে তামিম বলেন, ‘নারীদের ক্রিকেটে তিন দিনের ম্যাচ ছিল সেটা এখন চার দিনের হবে। আগে ছিল ২০ হাজার টাকা সেটা এখন ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।’
অর্থাৎ, নারী ক্রিকেটে চার দিনের ম্যাচের পারিশ্রমিক দ্বিগুণ করে ৪০ হাজার টাকা করা হয়েছে। ওয়ানডেতে মিলবে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা।
এদিকে, বিপিএল না হলে ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি আসরকে আরও বড় পরিসরে আয়োজন করতে চায় বিসিবি। বর্তমানে এনসিএল টি-টোয়েন্টি নামে পরিচিত এই প্রতিযোগিতা নতুন পরিচয়ে মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে।
বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য নতুন টুর্নামেন্টটির নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’। এতে প্রচলিত বিভাগভিত্তিক দল রাখার চিন্তা নেই। ছয়টি দল নিয়ে আয়োজন করা হতে পারে প্রতিযোগিতাটি, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান দল কেনার সুযোগ পাবে। দল কিনে নেয়া প্রতিষ্ঠানগুলো নিজেদের পছন্দ অনুযায়ী দলের নামও নির্ধারণ করতে পারবে।


