

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তদের চোখ শুধু সিরিজ জয়েই থেমে নেই। লক্ষ্য আরও বড়-মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশের ওয়ানডে দল সাম্প্রতিক সময়ে চ্যালেঞ্জের মধ্যে ছিল। শেষ চারটি সিরিজে পরাজয়ের ধাক্কা আত্মবিশ্বাসকে গভীর আঘাত দিয়েছে।
সেই ধাক্কা সামলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ৭৪ রানে হারানো কেবল জয় নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীকও বটে। এ আত্মবিশ্বাসকে ভরসা করে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামছে বাংলাদেশ।
তবে সিরিজ জয়ই নয়, বড় কিছু ভাবছে টাইগাররা। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০ নম্বরে, ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে।
এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৮০। আগামী ২০২৭ সালের মার্চ পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ ৯ দল পাবেন সরাসরি বিশ্বকাপের টিকিট। বাংলাদেশের চেয়ে নিচে থাকা জিম্বাবুয়ে ইতোমধ্যেই সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়ে গেছে। ফলে টাইগারদের অবস্থান আরও সংবেদনশীল।
এই বাস্তবতায় ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা শুধু মর্যাদা নয়, এখন প্রয়োজনও। সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে বাংলাদেশ এক ধাপ ওপরে উঠে নবম স্থানে জায়গা করে নেবে। বিপরীতে একটি ম্যাচ হারলেই থাকবে আগের অবস্থানেই।
বাংলাদেশের হাতে এখন পর্যন্ত অন্তত ২৩টি ওয়ানডে ম্যাচ বাকি আছে, যা ঘরের মাঠে হবে ২৬টির মতো।
সামনে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে সিরিজ, জিম্বাবুয়ে সফরে ৫টি এবং আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আরও ৬টি ওয়ানডে রয়েছে। এছাড়া বিশ্বকাপের আগে কিছু প্রস্তুতি ম্যাচ আয়োজনের সুযোগও থাকবে।
ঘরের মাঠে ভালো পারফরম্যান্স ও ধারাবাহিক জয় র্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি আনতে পারে। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পরও বোলাররা যে দারুণভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, তা প্রমাণ করছে দলটি জেতার মানসিকতা ফিরিয়ে পেয়েছে।
তবে ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়া যাবে না। তাদের দলে রয়েছে পাওয়ার হিটার ও দ্রুত উইকেট নেয়ার সক্ষম বোলার। সিরিজের জয় শুধু র্যাংকিং বা বিশ্বকাপের জন্য নয়, আত্মবিশ্বাসের জায়গায়ও গুরুত্বপূর্ণ।
চার সিরিজ পর জয় পেলে বাংলাদেশ হারানো মানসিকতা কাটিয়ে নতুন করে শুরু করার সুযোগ পাবে। আজকের ম্যাচ কেবল সিরিজ নিশ্চিত নয় এটি নতুন অধ্যায়ের সূচনা এবং হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার।
মন্তব্য করুন
