রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টপ অ্যান্ড টি-টোয়েন্টির লাইন আপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের চার দল এখন চূড়ান্ত। বাংলাদেশ এইচপি দল আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি এবং নিউজিল্যান্ড ‘এ’ দল।

অন্যদিকে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, হায়দরাবাদ কিংসম্যান একাডেমি, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও হোবার্ট হারিকেন্স একাডেমি।

টুর্নামেন্টের নির্ধারিত নিয়ম অনুযায়ী, লিগ পর্বের প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে একে অপরের। সেই হিসাবেই সেমিফাইনালের সূচি নির্ধারিত হয়েছে।

৬ ম্যাচে ৫টি জয় তুলে নিয়ে ১০ পয়েন্টসহ তালিকার শীর্ষে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। একই ম্যাচে সমান জয় ও পয়েন্ট বাংলাদেশের এইচপি দলেরও। তবে রান রেটের ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশকে থাকতে হয়েছে দ্বিতীয় অবস্থানে।

তাই দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের এইচপি দলের প্রতিপক্ষ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ। তাদেরও ৬ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট। তবে রান রেটের বিচারে অ্যাডিলেড ও বাংলাদেশ এইচপির চেয়ে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে তারা।

অন্যদিকে নিউজিল্যান্ড ‘এ’, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এবং হায়দরাবাদ কিংসম্যান একাডেমি—তিন দলই লিগ পর্বে ৬টি করে ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে। রান রেটে এগিয়ে থাকায় চতুর্থ স্থান নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ‘এ’। ফলে শেষ চারের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিলের শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।

এখন অপেক্ষা শুধু ফাইনালের দুই দল নিশ্চিত হওয়ার।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে একটি সেমিফাইনাল এবং সকাল ৭টায় অপর সেমিফাইনাল শুরু হবে। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে একই দিন বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন