

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওয়ানডে দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে। দীর্ঘদিন অধিনায়ক থাকা মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন দায়িত্বে আসছেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
গতকাল (সোমবার) দ্বিতীয় টেস্ট চলাকালীন সময় পিসিবি আনুষ্ঠানিকভাবে শাহিনকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে।
প্রোটিয়া দলের চলমান সফরে এটি তার দ্বিতীয়বারের ওয়ানডে নেতৃত্ব। পাকিস্তান বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলছে। দুই টেস্টের পর ২৮ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৪ নভেম্বর থেকে তিনটি ওয়ানডে ম্যাচ হবে।
পিসিবি এখনো রিজওয়ানকে হঠাৎভাবে সরানোর কারণ স্পষ্ট করেনি। ইসলামাবাদে বোর্ড সভায় উপস্থিত নির্বাচক কমিটি ও সাদা বলের কোচ মাইক হেসন এই বিষয় নিয়ে আলোচনা করেন। হেসন মূলত অধিনায়ক পরিবর্তনের প্রস্তাব দেন, যা পরবর্তীতে পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বৈঠকে চূড়ান্ত হয়।
২০২৪ সালের জানুয়ারিতে প্রথমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন শাহিন। নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর তাকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরানো হয়। এরপর বাবর আজম নেতৃত্বে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়।
এই পরিবর্তনের ফলে তিন ফরম্যাটে তিন ভিন্ন অধিনায়ক হয়ে গেল। টেস্টে নেতৃত্বে আছেন শান মাসুদ, টি-টোয়েন্টিতে সালমান আলি আগা, এবং ওয়ানডেতে দায়িত্ব পেলেন শাহিন শাহ আফ্রিদি।
রিজওয়ান ওয়ানডে অধিনায়ক হিসেবে ২০ ম্যাচে ৯ জয় ও ১১ হারে সফলতার হার ৪৫ শতাংশ। তার অধিনায়কত্বে পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছে, তবে চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডে হেরে যায়।
শাহিন আফ্রিদি গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। ২০২৩ বিশ্বকাপের পর কোনো পূর্ণ সদস্য দেশের পেসার এক বছরে ৪৫ উইকেট শিকার করতে পারেননি। নতুন দায়িত্বে তিনি কি পাকিস্তানকে সফলতার ধারায় ফিরিয়ে আনতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন
