শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক বহাল, বিসিবির বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
expand
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক বহাল, বিসিবির বার্তা

মিরপুরের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নামফলক সরানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার এক ফেসবুক পোস্টের পর বিষয়টি আলোচনায় আসে।

তবে গোটা বিষয়টি গুজব ও শহীদ আবু সাইড স্ট্যান্ডের নামফলক সরানো হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যাচাইবাছাই ছাড়াই ফেসবুকে পুরোনো ছবি ছড়িয়ে গুজব রটানো হয়েছে বলে দাবি সংস্থাটির। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, শহীদ আবু সাইড স্ট্যান্ডের নামফলক ঠিক জায়গাতেই রয়েছে।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘সম্প্রতি কিছু অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে, বর্তমান বোর্ড প্রশাসন ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা স্ট্যান্ডটি বাতিল করেছে।’

বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা দেশের অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি।

উল্লেখ্য, বিসিবি আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব ম্যাচে স্ট্যান্ডগুলোর আনুষ্ঠানিক নাম স্পষ্টভাবে প্রদর্শন ও উল্লেখ করা হয়।

চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম ভেন্যুতে উপস্থিত দর্শকদের কাছে এবং টেলিভিশনে ম্যাচের সম্প্রচারের সময় স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট এবং এসব আয়োজনের প্রচারসামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ করা হয়েছিল।

এটিও উল্লেখ করা প্রয়োজন যে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ অন্যান্য ভেন্যুর নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে স্ট্যান্ডের নামসংবলিত সাইনেজ ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা সাময়িকভাবে সরিয়ে নেওয়া হতে পারে। এ ধরনের রক্ষণাবেক্ষণের কাজ সবসময় ম্যাচ না থাকার দিনগুলোতেই করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিসিবি তার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করেছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা জল্পনার সুযোগ নেই।

বিসিবি মনে করে, এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য বিসিবি এবং বর্তমান বোর্ডের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করা। বোর্ডের নীতিমালা অনুযায়ী এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার বিসিবি সংরক্ষণ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন