সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

সাব্বিরের ঝড়ো ইনিংসে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শেষ ওভার পর্যন্ত জমে থাকা ম্যাচে জয় তুলে নিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দারুণ ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল।হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চে ৩ উইকেটে জিতেছে তারা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাব্বির রহমান। তার দায়িত্বশীল ৫৯ রানের ইনিংসের পর আবদুল গাফফার সাকলাইনের কার্যকর ক্যামিওতে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ডারউইনের মারারা ওভালে ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। পাওয়ারপ্লের মধ্যেই হাবিবুর রহমান সোহান, জিসান আলম ও আরিফুল ইসলামের উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তিন ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাব্বির রহমান। দায়িত্বশীল ব্যাটিংয়ে একপ্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ে ফেরান তিনি। অধিনায়ক ইরফান শুক্কুরের সঙ্গে ২৪ এবং শামীম পাটোয়ারীর সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন সাব্বির।

৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রান করে সাব্বির ফিরলেও তখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল খুব বেশি নয়। শেষদিকে এসএম মেহেরব ও আবু হায়দার রনিকে সঙ্গে নিয়ে কাজটি শেষ করেন আবদুল গাফফার সাকলাইন। ১৯.৪ ওভারেই ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করেছিল হোবার্ট হারিকেন্স একাডেমি। দলের ইনিংসে সবচেয়ে বড় অবদান টিগ ওয়াইলির। ৫৩ বলে ৭৮ রানে অপরাজিত থাকা এই ব্যাটারের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।

বাংলাদেশের বোলিংয়েও আলো ছড়িয়েছেন মোহাম্মদ রুবেল। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি একটি মেডেনও করেছেন অফ স্পিনারটি। রিপন মণ্ডল পেয়েছেন দুটি উইকেট।

নয় দলের টুর্নামেন্টে দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ এখন চার পয়েন্ট। পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানে। সমান চার পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড ‘এ’; নেট রান রেটে এগিয়ে থাকায় কিউইরাই ওপরের জায়গাটি দখল করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন