শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর আর মাঠে গড়াচ্ছে না বিপিএল, জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
expand
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

চলতি বছর বিপিএল আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে না; বরং ঘরোয়া ক্রিকেটের পুরো কাঠামো ঢেলে সাজিয়ে আরও গোছানো বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, বিপিএল আয়োজনের নতুন একটি ফর্মুলা নিয়ে কাজ চলছে। পরিকল্পনার ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হলে ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তার দাবি, এবারের পরিকল্পনা হবে আগের চেয়ে ভিন্ন ও রোমাঞ্চকর।

বিপিএল নিয়ে কেন এমন সিদ্ধান্ত, সেটিও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি। তার মতে, টুর্নামেন্টের বর্তমান কাঠামোয় বেশ কিছু বড় সমস্যা রয়েছে। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ম না মানা, বকেয়া পরিশোধ এবং ব্যাংক গ্যারান্টির মতো বিষয়গুলো অন্যতম। এসব সমস্যা সমাধান না করে শুধু টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজন করতে চান না তিনি।

গত দুই বছরে বিপিএল থেকে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানিয়েছেন তামিম। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বোর্ডের লাভ করার কথা, নিয়মিত লোকসান গোনার নয়। কোনো ফ্র্যাঞ্চাইজি মাঝপথে সরে গেলে কিংবা নির্ধারিত শর্ত পূরণ না করলে সেই দায়ও শেষ পর্যন্ত বিসিবির ওপর পড়ে, যা ভবিষ্যতে আর হতে দিতে চান না তিনি।

তবে বিপিএল আয়োজনের আগ্রহে কোনো ঘাটতি নেই বিসিবির। তামিম বরং তাড়াহুড়ো না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টুর্নামেন্টটিকে একটি টেকসই কাঠামোয় আনার পক্ষে। এজন্য প্রয়োজনে ছয় মাস থেকে এক বছর সময় নিতেও আপত্তি নেই তার।

ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। যেসব দলের নিয়মভঙ্গ বা আর্থিক অনিয়ম রয়েছে, সেগুলো সমাধানের পাশাপাশি বকেয়া ও ব্যাংক গ্যারান্টির বিষয়গুলোও যাচাই করা হচ্ছে।

পরবর্তী বিপিএল নিয়ে বিসিবির লক্ষ্য আরও নির্দিষ্ট। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রক্রিয়া শেষ করতে চায় বোর্ড। এতে শেষ মুহূর্তে দল নিয়ে তৈরি হওয়া জটিলতা এড়ানোর পাশাপাশি কোনো ফ্র্যাঞ্চাইজি সরে দাঁড়ালে বিকল্প ব্যবস্থা নেয়ার সময়ও পাওয়া যাবে।

তামিমের বার্তা পরিষ্কার, দ্রুত আয়োজনের চেয়ে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক বিপিএলই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পাঁচটি দল দাঁড় করিয়ে দ্রুত টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হলেও সেটি করতে চান না তিনি। বিসিবির ভাবমূর্তি ও টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে প্রয়োজন হলে সমালোচনাও মেনে নেয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

এর আগে ফিক্সিং–সংক্রান্ত কারণে ২০১৪ সালে এবং করোনাভাইরাস মহামারির সময়ে ২০২১ সালে বিপিএল অনুষ্ঠিত হয়নি। এবারও এক বছরের জন্য বিরতি পড়তে যাচ্ছে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank