মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিন আগেই শেষ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আরও ৪ দিন বাকি। এ ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ সামনে এসেছে। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের প্রথম দিনের সব টিকিট। দ্বিতীয় দিনের টিকিটও শেষের দিকে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ২২ আগস্ট ম্যাকেইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে পাঁচ দিনের টেস্ট। ২৬ আগস্ট পর্যন্ত চলবে ম্যাচটি। শহরটির ক্রিকেট ইতিহাসেও এটি বিশেষ একটি আয়োজন—ম্যাকেইয়ে এবারই প্রথম পুরুষদের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ঘিরে আগ্রহ আরও বেড়েছে। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবার ম্যাচের প্রথম দিনের সাধারণ আসনের সব টিকিটের পাশাপাশি করপোরেট প্যাকেজও বিক্রি হয়ে গেছে। তবে দ্বিতীয় দিনের পর বাকি দিনগুলোর জন্য এখনো কিছু টিকিট পাওয়া যাচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ম্যাকেইয়ে দর্শকদের এমন সাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, ম্যাচ শুরু হওয়ার আগেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়া নর্দান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রতি দর্শকদের আগ্রহের বড় প্রমাণ।

ম্যাকেই অস্ট্রেলিয়ার ১২তম শহর, যেখানে পুরুষদের টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এর আগে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হলেও এবারই প্রথম টেস্ট ক্রিকেটের সাক্ষী হবে মাঠটি।

ম্যাকেই টেস্টের প্রতিদিনের খেলা স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে।

বাংলাদেশের বিপক্ষে এই দুই টেস্টের সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুম শুরু হচ্ছে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষেও সীমিত ওভারের সিরিজ রয়েছে। আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ ১৫০তম বার্ষিকী টেস্ট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৬
X
City bank
City bank