মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে: রামদেব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:১৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভবিষ্যতে আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ বিষয়ে ভারতীয়দের ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন।

রামদেবের দাবি, প্রতিবেশী দুই দেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হচ্ছেন। এসব ঘটনাকে মানবসভ্যতার ইতিহাসের গুরুতর নিষ্ঠুরতার উদাহরণ হিসেবে দেখা যায়।

ভারতের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একসময় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। এ জন্য ভারতীয়দের ‘একটু ধৈর্য’ ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন নিয়ে কথা বলতে গিয়ে রামদেব বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ মূলত ‘রাজনৈতিক বক্তব্যের অংশ’। তিনি বলেন, ‘দেশে যেসব ধর্মীয় পরিবর্তন ঘটেছে, অন্তত ভবিষ্যতে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান—কোনও ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’

রামদেব বলেন, তিনি চান ভারত বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত হোক এবং ভারতীয় নাগরিকরা বিশ্বের সেরা নাগরিক হোক। তিনি বলেন, ‘আমি চাই ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হোক, রুপির মূল্য অন্তত ডলার ও পাউন্ডের সমান হোক এবং ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হোক যে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়।’

বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও সমমর্যাদা চান রামদেব। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ বিশ্বের সব দেশের কাছেই ভারত যেন সমান সম্মান পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank