শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিশাদের রেকর্ডের দিনে, ম্যাচ জিতল বাংলাদেশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম
expand
রিশাদের রেকর্ডের দিনে, ম্যাচ জিতল বাংলাদেশ

মিরপুরের স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটাররা রান করতে ভুগলেও বল হাতে বাজিমাত করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয় জাদুতে মাত্র ২০৭ রানের পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজকে ১৩৯ রানে অলআউট করে ৭৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে। এরপর শান্ত ও হৃদয় মিলে ৭১ রানের জুটি গড়লেও ব্যাটিংয়ে ছিল স্পষ্ট মন্থরতা। শান্ত করেন ৬৩ বলে ৩২, হৃদয় ৯০ বলে ৫১, আর অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে ৪৬ রান করেন। শেষদিকে রিশাদের ১৩ বলে ২৬ ও তানভীর ইসলামের ৯ রানে দল দুইশ পার করে।

জবাবে শুরু থেকেই বিধ্বস্ত হয় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। স্পিনের ঘূর্ণিতে একপ্রান্ত আগলে রাখতে পারেননি কেউই। রিশাদ হোসেন ৯ ওভারে ৩৫ রান দিয়ে নেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার।

মাশরাফি বিন মুর্তজা (৬/২৬) ও রুবেল হোসেনের (৬/২৬) পর তালিকায় জায়গা করে নিলেন রিশাদ। তার স্পিন তোপে বিধ্বস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশ পায় দারুণ এক স্বস্তির জয়।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম আঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, আলিক অথানাজে, কয়াসি কার্টি, শাই হোপ (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টোন চেস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, খ্যারি পিয়ের, জাইডেন সিলস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন