শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টের মেজাজে ওয়ানডে খেলছে বাংলাদেশ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম
ব্যাট করছেন তাওহিদ হৃদয়।
expand
ব্যাট করছেন তাওহিদ হৃদয়।

মিরপুরের ধীরগতির উইকেটে ব্যাট হাতে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়।

টার্নিং উইকেটে রান তোলাও ছিল কঠিন কাজ। তবে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন।

২৩তম ওভারে এসে থামেন শান্ত। ৬৩ বল খেলে ৩২ রান করেন তিনি, যার মধ্যে ছিল তিনটি চার। পেরির বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন এই ব্যাটার। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউতে সিদ্ধান্ত পরিবর্তন হয়।

২৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৮৫। শান্ত আউট হলেও হৃদয় ৬০ বলে ৩৮ রানে অপরাজিত রয়েছেন। তাঁদের জুটিতে এসেছে ১২০ বলে ৭১ রান। নতুন ব্যাটার হিসেবে এখন ক্রিজে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

পাওয়ার প্লের প্রথম দশ ওভারে কোনো উইকেট না হারালেও রান ছিল মাত্র ৩৩। পরের দশ ওভারেও একই ধারা—রান এসেছে সমান ৩৩। ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণের সামনে রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছে টাইগাররা। ফলে ওয়ানডে ম্যাচ হলেও খেলার গতি যেন টেস্টের মতো ধীর।

ইনিংসের শুরুতে দ্বিতীয় ওভারে রোমারিও শেফার্ডের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান (৬ বলে ৩)। পরের ওভারেই জেইডেন সিলসের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন সৌম্য সরকার (৬ বলে ৪)।

শনিবার (১৮ অক্টোবর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে স্বাগতিকরা।

দলে অভিজ্ঞতা ও তরুণদের মিশেল দেখা গেছে। দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ, পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন পেয়েছেন ওয়ানডে অভিষেকের সুযোগ। স্পিনে আছেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন জাকের আলী অনিক ও তানজিদ তামিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন