

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত হওয়ার পর পাকিস্তানের মাটিতে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে এ সিরিজ আয়োজনের কথা ছিল। কিন্তু হামলায় প্রাণহানির ঘটনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে এসিবি জানায়, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তারা রাজধানী শারানা থেকে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলার মুখে পড়েন।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনা আমাদের ক্রীড়া পরিবারে গভীর শোক ও ক্ষতির কারণ। নিহত ক্রিকেটারদের স্মরণে এবং মানবিক অবস্থান থেকে আমরা আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এটি হতে যাচ্ছিল আফগানিস্তানের প্রথম সফর পাকিস্তানের মাটিতে। তবে সীমান্ত পরিস্থিতি এবং বিমান হামলার ঘটনায় সেই সম্ভাবনা শেষ হলো।
গত দুই সপ্তাহ ধরে দুই দেশের সীমান্ত অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক হামলাগুলোতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
উল্লেখ্য, এর আগে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছিল, যদিও ওই দুটি টুর্নামেন্টেই তাদের পাকিস্তানের বিপক্ষে সরাসরি কোনো খেলা হয়নি।
এ ঘটনায় এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: ইএসপিএন
মন্তব্য করুন
