বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে টানটান উত্তেজনার সেমিফাইনালে নেপালকে ২–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা-আফঈদারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল এবং বল দখল ও আক্রমণে এগিয়েও থাকে তারা। এরই ধারাবাহিকতায় ২৩ মিনিটে কর্নার থেকে গীতা রানার গোলে এগিয়ে যায় নেপাল। দীপা শাহির নেওয়া কর্নার থেকে পায়ের টোকায় বল জালে জড়ান তিনি।

গোল হজমের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় লাল-সবুজের দলকে। তবে বিরতির ঠিক আগে, যোগ করা সময়ে দারুণ এক কর্নার থেকে সরাসরি গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার এই ‘অলিম্পিক গোলে’ প্রথমার্ধ শেষ হয় ১–১ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও নেপালের চাপ অব্যাহত থাকে। এক পর্যায়ে গোলকিপারকে কাটিয়ে নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ম্যাচে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে এগোলেও গোলের দেখা মিলছিল না।

বাংলাদেশের গোলকিপার মিলির একাধিক গুরুত্বপূর্ণ সেভ দলকে ম্যাচে টিকিয়ে রাখে। অন্যদিকে ৭৮ মিনিটে সাগরিকার সামনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এলেও নেপালের গোলরক্ষকের দারুণ প্রতিরোধে তা নষ্ট হয়।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১–১ সমতায় থাকলে যোগ করা সময়ে আসে নাটকীয় মুহূর্ত। ম্যাচের একেবারে শেষদিকে দারুণ সমন্বিত আক্রমণ থেকে জয়সূচক গোল করেন সাগরিকা।

শেষ পর্যন্ত ২–১ গোলের জয়ে নেপালকে বিদায় করে ফাইনালে ওঠে বাংলাদেশ। টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আরও একবার শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেল লাল-সবুজের মেয়েরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uzbekistan VS Colombia
Scheduled
18 Jun, 08:00 AM
VS
World Cup