

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালে আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের ক্রিকেটার সালমান আলি আগাকে তিরস্কার করেছে আইসিসি। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে আউট হওয়ার পর হতাশা প্রকাশ করতে গিয়ে তিনি এই আচরণবিধি লঙ্ঘন করেন। পাকিস্তানের ইনিংসের ৮২তম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার পথে ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন সালমান।
এই ঘটনায় আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক কিংবা মাঠের সরঞ্জামের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।
আইসিসি জানিয়েছে, সালমান নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এই ঘটনার পর তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটি সালমানের দ্বিতীয় অপরাধ।
এর আগে চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও একই ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। সব মিলিয়ে এখন তার ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে।
আইসিসির বিধান অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয়। দুই সাসপেনশন পয়েন্টের শাস্তি হিসেবে খেলোয়াড়কে এক টেস্ট বা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হয়।
