শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ এএম
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
expand
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

এশিয়া কাপে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় খেলায় শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ নিশ্চিত করেছে জাকের আলির নেতৃত্বাধীন দল।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে। ওপেনার তানজিদ হাসান তামিম (২) ও পারভেজ ইমন (৩) দ্রুত আউট হয়ে যান। এরপর অধিনায়ক জাকের আলী (৩২) ও শামীম পাটোয়ারি (৩৩) ৫৬ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। তবে রশিদ খান ও নুর আহমেদের স্পিনে ফেরার পর আবারও বিপদে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে জয়ের নায়ক হয়ে ওঠেন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। নুর আহমেদের করা ১৯তম ওভারে সোহানের ছক্কা ও শরিফুলের বাউন্ডারিতে আসে ১৭ রান। এরপর শেষ ওভারের প্রথম বলেই ওমরজাইকে চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন শরিফুল।

বাংলাদেশ জয় পায় দুই বল হাতে রেখে। সোহান অপরাজিত থাকেন ২১ বলে ৩১ রান করে, সঙ্গে শরিফুল ৬ বলে ১১ রানে অপরাজিত।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ জিতলো বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন