মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে উড়িয়ে সুপার এইটে দাপুটে শুরু ওয়েস্ট ইন্ডিজের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল
expand
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিমত্তার পরিচয় দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে ঝড় তোলেন শিমরন হেটমায়ার, আর বল হাতে বিধ্বংসী স্পেল উপহার দেন গুডাকেশ মোটি। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে দুইবারের চ্যাম্পিয়ন দলটি। জবাবে ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ১৭.৪ ওভারে ১৪৭ রানেই অলআউট হয়ে যায়।

ইনিংসের শুরুতেই ব্র্যান্ডন কিংকে হারালেও দ্রুত ছন্দে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে হেটমায়ার ও অধিনায়ক শাই হোপ মিলে ৩৭ রান যোগ করেন। হোপ ১৪ রান করে বিদায় নিলেও এরপর ম্যাচের চিত্র পাল্টে দেন হেটমায়ার।

তৃতীয় উইকেটে রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে মাত্র ৫১ বলে ১২২ রানের জুটি গড়েন তিনি। ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। পাওয়েলও ৩৫ বলে ৫৯ রান করে সমানতালে আক্রমণ চালান।

শেষ দিকে রোমারিও শেফার্ডের ২১ রান ও শেরফেন রাদারফোর্ডের অপরাজিত ৩১ রানের দ্রুতগতির ইনিংসে দল পায় পাহাড়সম সংগ্রহ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ২৭ ও ডিয়ন মায়ার্স ২৮ রান করলেও কোনো বড় জুটি গড়ে উঠেনি।

শেষ দিকে ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেললেও তা ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি।

বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোটি। চার ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। পাশাপাশি আকিল হোসেন নেন তিনটি উইকেট এবং ম্যাথিউ ফোর্ড পান দুটি।

এই জয়ে সুপার এইট পর্বে দারুণ সূচনা করল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে টুর্নামেন্টে এটি জিম্বাবুয়ের প্রথম পরাজয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X