সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, আজ থেকে কার্যকর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৪৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বাজারে আবারো বাড়ল জ্বালানি তেলের দাম। নতুন ঘোষিত দর অনুযায়ী সোমবার (১ জুন) থেকে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।

অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় বহাল রাখা হয়েছে।

গত মে মাসে অকটেন বিক্রি হয়েছে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায়। সেই হিসাবে জুন মাসে এই তিন ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেল। তবে ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে গত ১৮ এপ্রিল জারি করা মূল্য সমন্বয় প্রজ্ঞাপনে ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন দেশের বাজারে জ্বালানি তেল বিক্রি হয়ে আসছিল।

সরকারের চলমান স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। জুন মাসের নতুন মূল্য নির্ধারণও একই নীতিমালার ভিত্তিতে করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন