রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলা করে দুঃখ প্রকাশ করল আদ্-দ্বীন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০২:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কিছু কর্মীর অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৩০ মে) হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করে এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। এ ঘটনায় ব্যাপক গণমাধ্যম কাভারেজের কারণে হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপে দায়িত্ব পালন করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের স্বার্থে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে কিছু সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বললে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কয়েকজন কর্মী উত্তেজিত আচরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে বিবেচনা করেন।

আদ্-দ্বীন হাসপাতাল জানায়, তারা সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ৩০ মে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি, কোনো কর্মীর অনিচ্ছাকৃত আচরণে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন