শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে পাত্তাই দিল না ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
বাবর আজম আউট
expand
বাবর আজম আউট

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আজ দাপুটে জয় পেয়েছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ইশান কিষাণের ঝোড়ো ৭৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়েছিল সূর্যকুমার যাদবের দল। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ম্যান ইন গ্রিনরা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

সেই বিপর্যয় থেকে আর ওঠে দাঁড়াতে পারেনি সালমান আঘার দল। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের তোপে ১৮ ওভারেই ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৬১ রানের জয়ে সুপার এইট নিশ্চিত হয় ভারতের।

লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল পাকিস্তানের জন্য ভয়াবহ। ভারতের পেস জুটি যশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া মাত্র দুই ওভারের মধ্যে ১৩ রানে তুলে নেন সাহিবজাদা ফারহান (শূন্য), সাইম আয়ুব (৬) ও অধিনায়ক সালমান আলি আগা (৪)-কে।

শুরুর বিপর্যয়ের পর পাঁচ নম্বরে নেমে ইনিংসের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার উসমান খান। তিনি বাবর আজমকে (৫) সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ২১ রান। তবে পঞ্চম ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন বাবর। এরপর উসমান ও অলরাউন্ডার শাদাব খান মিলে পঞ্চম উইকেটে গড়েন ৩৯ রানের সতর্ক জুটি। কিন্তু আবারও আঘাত হানেন অক্ষর, ভেঙে দেন এই জুটি।

উসমান ৩৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তার বিদায়ের পর পরপর ধাক্কা খায় পাকিস্তান। মোহাম্মদ নওয়াজ (৪) ও সেট ব্যাটার শাদাব (১৪) দ্রুত আউট হলে ১২ দশমিক ১ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৮।

অলরাউন্ডার ফাহিম আশরাফ (১০) ও নিচের সারির ব্যাটার শাহিন শাহ আফ্রিদি অষ্টম উইকেটে ১৯ রান যোগ করেন। তবে বরুণ চক্রবর্তী ১৬তম ওভারে আবরার আহমেদকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তানকে ৯৭ রানে ৯ উইকেটের চাপে ফেলেন।

শেষ আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ১১ নম্বরে নামা উসমান তারিককে আউট করে পাকিস্তানের ইনিংসের সমাপ্তি টানেন তিনি। ভারতের হয়ে বুমরাহ, অক্ষর, পান্ডিয়া ও বরুণ নেন দুটি করে উইকেট। এছাড়া কুলদীপ যাদব ও তিলক বর্মাও অবদান রাখেন।

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। কিন্তু সে সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি দলটি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। ভারতের শুরুটাও ছিল হতাশাজনক। টি-টোয়েন্টি আন্তর্জাতিকের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা চার বল খেলেই শূন্য রানে বিদায় নেন।

তবে ওপেনার ইশান কিষান তিলক বর্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৪৫ বলে ৮৭ রানের দারুণ জুটি। পাকিস্তানের বোলারদের চাপে ফেলে এই জুটি দলকে শক্ত অবস্থানে নেয়। সাইম আয়ুব কিষানকে ফেরালে ভাঙে সেই জুটি। কিষান ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় করেন ৭৭ রান।

এরপর তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে ৩৮ রান যোগ করেন। কিন্তু সাইম পরপর দুই বলে বর্মা (২৫) ও হার্দিক পান্ডিয়াকে (শূন্য) আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।

১৪ দশমিক ৩ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৬। সেখান থেকে সূর্যকুমার ও শিবম দুবে মিলে ৩৩ রানের জুটি গড়ে দলের গতি ধরে রাখেন। শেষের আগের ওভারে উসমান তারিকের বলে আউট হওয়ার আগে সূর্যকুমার ২৯ বলে ৩টি চারে ৩২ রান করেন।

দুবে ১৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ রান করে ইনিংসের শেষের আগের বলে বিদায় নেন। পাকিস্তানের হয়ে সাইম আয়ুব ছিলেন সেরা বোলার। চার ওভারে ২৫ রান দিয়ে নেন তিনটি উইকেট। এছাড়া সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারিক একটি করে উইকেট শিকার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন