রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা ভারতের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ এএম
সূর্যকুমার যাদব
expand
সূর্যকুমার যাদব

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক সূর্যকুমার যাদবের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বস্তিদায়ক শুরু পায়নি ভারত। আগ্রাসী খেলতে গিয়ে দ্রুত ফিরে যান অভিষেক শর্মা ও ঈশান কিষান। অভিষেক শূন্য রানে আউট হন। এক ওভারেই ঈশান কিষান (২০), তিলক বর্মা (২৫) ও শিবম দুবে (০) আউট হলে চাপে পড়ে ভারত। এরপর রিঙ্কু সিং (৬) ও হার্দিক পান্ডিয়াও (৫) ব্যর্থ হন।

এই সংকটময় সময়ে দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এক প্রান্ত আগলে রেখে সাবলীল ও আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি। ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করেন সূর্যকুমার, যেখানে ছিল ১০টি চার ও চারটি ছক্কা। তার প্রায় ১৭২ স্ট্রাইক রেটের ইনিংসেই ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে যুক্তরাষ্ট্র। প্রথম তিন ওভারেই হারায় টপ অর্ডারের তিন ব্যাটার। মুহাম্মদ সিরাজের বলে ৬ রান করে আউট হন ওপেনার আন্দ্রিয়াস গৌস। পরের ওভারে অর্শদীপ সিং শূন্য রানে ফিরিয়ে দেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে। সিরাজ নিজের দ্বিতীয় ওভারে সালতেজাকে (২) আউট করেন।

১৩ রানে ৩ উইকেট হারানোর পর মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩৪ রানে মিলিন্দকে ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ১৬তম ওভারে অক্ষর প্যাটেল পরপর দুই বলে সঞ্জয় (৩৭) ও হরমিত সিংকে (০) আউট করেন। এক প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া শুভম রাঞ্জানেকে শেষ ওভারের শেষ বলে আউট করে নিজের তৃতীয় উইকেট নেন সিরাজ।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩২ রানেই থেমে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। ভারতের হয়ে ৩ উইকেট নেন মুহাম্মদ সিরাজ। এছাড়া অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল পান ২টি করে উইকেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X