

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। বিশ্বকাপে খেলতে আয়োজক দেশ ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিকদের সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ব্ল্যাক ক্যাপসরা।
তবে সেই সিরিজে ৪-১ ব্যবধানে হার দেখতে হয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে এমন হারের পর এবার নতুন বিপদে পড়েছে দলটি।
ভাইরাসজনিত অসুস্থতায় পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার এই তথ্য নিশ্চিত করেছেন।
রব ওয়াল্টার জানিয়েছেন, অসুস্থতার কারণে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না। পাশাপাশি আরেক টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেনকেও বিশ্রাম দেয়া হয়েছে। কাঁধের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।
নিজেদের প্রথম ম্যাচের আগেই সবাই ফিট হবে আশা ব্যক্ত করে ওয়াল্টার বলেন, ‘ডেভন ও রাচিন ভাইরাসে আক্রান্ত, যা সফরের সময় প্রায়ই হয়ে থাকে। রাচিন আমার পাশের রুমে আছে, সারা রাত তার অবস্থা ভালো ছিল না। তবে সবাই ধীরে ধীরে সুস্থতার পথে আছে। আশা করছি, প্রথম ম্যাচের আগেই সবাই ফিট হয়ে যাবে।’
এদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কাফ ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ওয়াল্টারের আশা, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রেসওয়েলে ও অ্যালেনকে পাবেন তিনি, ‘এই মুহূর্তে সবাই মোটামুটি ফিট ও সুস্থ থাকার পথেই আছে, যা প্রথম ম্যাচের আগে খুবই ভালো খবর।’
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কিউইরা।
মন্তব্য করুন

