

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নির্বাচনকে ঘিরে দলীয় শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে গলাচিপায় বিএনপির পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও ১২৯টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য ও সাংগঠনিক নিস্ক্রিয়তার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।
গলাচিপা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা ও সদস্যসচিব আলতাফ খান বুধবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে নির্বাচন সামনে রেখে দ্রুত নতুন কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়। দলীয় সূত্র জানায়, বিলুপ্ত কমিটির মধ্যে গলাচিপা পৌর বিএনপির ৯টি কমিটি রয়েছে। পাশাপাশি উপজেলার ১২টি ইউনিয়নের অধীনে থাকা ১২টি ইউনিয়ন কমিটি ও ১০৮টি ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে। এসব কমিটির অধিকাংশ নেতা-কর্মী গত কয়েক বছর ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না বলে দাবি করা হয়। বিএনপির একাধিক সূত্র বলছে, পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপি থেকে বহিষ্কৃত ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করেই গলাচিপা ও দশমিনায় ধারাবাহিকভাবে কমিটি বিলুপ্ত ও বহিষ্কারের সিদ্ধান্ত আসছে। এর আগে ১৭ জানুয়ারি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ২ ফেব্রুয়ারি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর ৩ ফেব্রুয়ারি গলাচিপা উপজেলা ও পৌর বিএনপি এবং দশমিনা যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এছাড়া ৩ ফেব্রুয়ারি দশমিনা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন ও যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খানসহ পাঁচ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২১ জানুয়ারি দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহমেদকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্রের ভাষ্য, বিলুপ্ত কমিটির অনেক নেতা-কর্মী দলীয় নির্দেশ অমান্য করে বহিষ্কৃত প্রার্থী হাসান মামুনের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালান। এতে সাংগঠনিক শৃঙ্খলা ভেঙে পড়ায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান এ সিদ্ধান্তকে ‘প্রতিহিংসামূলক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিতে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা দলকে সাংগঠনিকভাবে দুর্বল করবে। অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ দলীয় শৃঙ্খলা ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পটুয়াখালী-৩ আসনটি যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদকে ছেড়ে দেয়। তবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান মামুন ওই আসনে প্রার্থী হয়ে পরে দল থেকে বহিষ্কৃত হন।
মন্তব্য করুন
