শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির সিদ্ধান্তের পর যা বললেন সাকিব 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
expand
বিসিবির সিদ্ধান্তের পর যা বললেন সাকিব 

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ভবিষ্যৎ স্কোয়াডে পুনরায় বিবেচনায় রাখার সিদ্ধান্ত নেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আপাতত সংযত অবস্থান নিয়েছেন এই অলরাউন্ডার।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে ভবিষ্যৎ স্কোয়াডের জন্য পুনরায় বিবেচনায় রাখার সিদ্ধান্ত হয়।

বিষয়টি জানার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।’

প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব দেশে ফিরে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি আর দেশে ফেরেননি।

এর আগে, শনিবার রাতে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে সাকিব ফ্রি থাকলে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও এক্সেসিবিলিটি ঠিক থাকলে এবং ম্যাচ ভেন্যুতে উপস্থিত থাকার মতো অবস্থা থাকলে, নির্বাচক কমিটি তাকে ভবিষ্যৎ দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে।

প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বোর্ড এনওসি দেবে।’

আমজাদ হোসেন আরও জানান, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারিভাবে আলোচনা করা হবে।

বিশ্বকাপ ইস্যুর মধ্যেই সাকিবের প্রসঙ্গ কীভাবে এলো- সে বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘ক্রিকেট অপারেশন্সের এজেন্ডায় ছিল ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা, যেখানে গ্রেড এ, বি ও সি নির্ধারণ করা হবে।

আলোচনার একপর্যায়ে একজন পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং তার সঙ্গে বোর্ডের যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে, যেন সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।’

তিনি আরও বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো সরকারের বিষয়। বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে চাই। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় সাকিবকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা সাকিবের রয়েছে।

সাকিব আল হাসান একটি ব্র্যান্ড -এমন খেলোয়াড় আমরা হয়তো আগামী ১০০ বছরেও আর পাবো না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS South Korea
Scheduled
19 Jun, 07:00 AM
VS
World Cup