সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর দরকার চার গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ আগেও সময়টা ভালো যাচ্ছিল না লিওনেল মেসির। ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায় পেরিয়ে আবার মাঠে ফিরেছিলেন তিনি। তবে ছন্দে ফিরতে বেশি সময় নিলেন না আর্জেন্টাইন মহাতারকা। রোববার (৩০ আগস্ট) ইন্টার মায়ামির হয়ে একাই চার গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি।

মেসির চার গোলের ম্যাচে ইন্টার মায়ামি ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে সিএফ মন্ট্রিয়লকে। ম্যাচে তার দুটি গোল এসেছে ফ্রি-কিক থেকে। আর সেই দুই গোলই নতুন করে সামনে এনেছে ফ্রি-কিকে মেসির অসাধারণ রেকর্ডের প্রসঙ্গ।

ম্যাচের ৪০ মিনিটে প্রথমবার ফ্রি-কিক থেকে বল জালে পাঠান মেসি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও একইভাবে গোল করেন তিনি। এর মধ্য দিয়ে পূর্ণ হয় তার চার গোলের ‘পোকার’।

মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া ফ্রি-কিক গোলের পর এই বিশেষ ধরনের গোল থেকে মেসির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪-এ। অর্থাৎ সর্বোচ্চ রেকর্ড থেকে মাত্র চার গোল দূরে আছেন তিনি।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ফ্রি-কিক থেকে সর্বাধিক গোলের রেকর্ডটি ব্রাজিলের মার্সেলিনিওর। ৭৮২ ম্যাচে তার ফ্রি-কিক গোল ৭৮টি।

মেসি এখন এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ব্রাজিলের রবার্তো দিনামিতেরও ফ্রি-কিক গোল ৭৪টি। মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে দিনামিতের পাশে উঠে এসেছেন মেসি।

ফ্রি-কিকের সেরা গোলদাতাদের তালিকায় এরপর রয়েছেন:

  • জুনিনিও পের্নামবুকানো:৭২ গোল
  • মার্কোস আসুনসাও: ৬৮ গোল
  • সিনিশা মিহাইলোভিচ: ৬৭ গোল
  • ক্রিস্টিয়ানো রোনালদো: ৬৪ গোল

অর্থাৎ আর চারটি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনিওর রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। পাঁচটি করলে সেটি ছাড়িয়ে যাবেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন