শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান আর ‘৬-০’ ইশারায় ভারতকে রাফাল স্মরণ করালেন হারিস রউফ!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
expand
বিমান আর ‘৬-০’ ইশারায় ভারতকে রাফাল স্মরণ করালেন হারিস রউফ!

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এবার এশিয়া কাপের সুপার ফোরে সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে মাঠে আধিপত্য বিস্তার করেছে ভারত, জিতেছে ৬ উইকেটে।

তবে খেলা শেষেও আলোচনার কেন্দ্রে চলে আসেন পাকিস্তানের গতিময় পেসার হারিস রউফ। ব্যাট–বল নয়, বরং তার হাতের ভঙ্গি হয়ে ওঠে বিতর্ক ও আলোচনার বিষয়।

রোববার (২২ সেপ্টেম্বর) ম্যাচ চলাকালীন ভারতের ইনিংসে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন হারিস। ঠিক তখনই কিছু ভারতীয় দর্শক গ্যালারি থেকে তাকে উসকানি দিতে থাকে।

এর জবাবে রউফ আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি যুদ্ধবিমান আকাশে উড়ে গিয়ে বিধ্বস্ত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য। পাকিস্তানি সমর্থকেরা একে সাহসিকতা ও গর্বের প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন, অন্যদিকে ভারতীয় সমর্থকেরা বিষয়টি নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করছেন।

রউফের ইশারা যে পাকিস্তান বিমানবাহিনীর ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’–এর স্মৃতি মনে করিয়ে দিয়েছে, তা অনেকেই উল্লেখ করেছেন।

সেই অভিযানে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল, যাদের মধ্যে ফরাসি রাফালও ছিল বলে জানানো হয়। ফলে ‘৬-০’ আর বিমান ভেঙে পড়ার ভঙ্গিকে অনেকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন।

শুধু হারিস রউফ নয়, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত করমর্দনও হয়নি। কেউ-ই এগিয়ে এসে হাত মেলাননি। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে, অনেকেই একে ‘স্পোর্টসম্যানশিপের অভাব’ হিসেবে দেখছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন