শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্সিলরদেরকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা: অভিযোগ আমিনুলের

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম
expand
কাউন্সিলরদেরকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা: অভিযোগ আমিনুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এই অভিযোগের জেরে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তামিমের পাশাপাশি আরও কয়েকজন প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতি ও চাপের অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচন শেষে নতুন করে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি দাবি করেছেন, কিছু কাউন্সিলরকে ডেকে ক্রীড়া উপদেষ্টা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ আছে বলেও দাবি করেছেন দেশের সাবেক এই ফুটবল অধিনায়ক।

আমিনুলের ভাষায়, “বিসিবির নির্বাচন হওয়া উচিত ছিল স্বচ্ছ ও নিরপেক্ষভাবে। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কাউন্সিলরদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।”

মঙ্গলবার (৭ অক্টোবর) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্ত ভলিবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে।’

বিসিবির নির্বাচনে আর্থিক লেনদেন হয়েছে বলেও দাবি করে আমিনুল বলেন, ‘আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে। আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন