শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
লিটন দাস
expand
লিটন দাস

এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোর স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। সুপার ফোর পর্বে ব্যাটিং ব্যর্থতার কারণে বিদায় নিতে হয় টাইগারদের। সেই সঙ্গে চোটের কারণে মাঠে না থাকতে পারার হতাশা যুক্ত হয়েছে দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের মনে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে লিটন লিখেছেন, “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। লক্ষ্য ছিল ফাইনাল খেলা ও শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হয়নি। বাংলাদেশের সব অনুরাগী সমর্থকের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

সাইড স্ট্রেইনের চোটে সুপার ফোরের ভারত ও পাকিস্তান ম্যাচে খেলতে পারেননি লিটন। ওই দুই ম্যাচে জাকের আলি নেতৃত্ব দিলেও ব্যাটিং, কিপিং ও অধিনায়কত্বে লিটনের অভাব স্পষ্ট ছিল।

ব্যক্তিগত আক্ষেপের কথাও লুকাননি তিনি, “চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয়বিদারক। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারব না। সেরে ওঠার চেষ্টা করেও পারিনি। এই বেদনা দীর্ঘদিন মনে থাকবে।”

তবে হতাশার মাঝেও আশার বার্তা দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। “টুর্নামেন্টজুড়ে আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। বিশ্বের সেরা সমর্থকরা আমাদের। আশা করি, আপনাদের প্রাপ্য আনন্দ শিগগিরই উপহার দিতে পারব।”

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে ওয়ানডে সিরিজ। লিটন সেখানে ফিরতে পারবেন কি না, তা এখনও অনিশ্চিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন