

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাকে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু লেখেন, খালেদা জিয়ার স্নেহ, বিশ্বাস ও দিকনির্দেশনা তার রাজনৈতিক জীবনের পথচলার অন্যতম শক্তি ছিল। তার নেতৃত্বের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালনের সুযোগকে তিনি জীবনের অনন্য রাজনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি লেখেন, খালেদা জিয়ার হাত ধরেই রাজনীতির মাঠে তার পথচলা এবং তার কাছ থেকেই গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতির শিক্ষা নিয়েছেন।
খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক নেত্রী নয়, নিজের রাজনৈতিক অভিভাবক, সাহসের জায়গা ও সংগ্রামের প্রেরণা হিসেবে উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, খালেদা জিয়ার একটি নির্দেশনা ও সাহসী উচ্চারণ অসংখ্য নেতাকর্মীকে রাজপথে দাঁড়ানোর শক্তি দিয়েছে। স্বৈরাচার ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে তার আপসহীন অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিজের জীবনের শেষ সময়ে খালেদা জিয়ার সঙ্গে সর্বশেষ সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একজন মা-সমতুল্য নেত্রীর সঙ্গে সেই সাক্ষাৎ ছিল তার রাজনৈতিক অভিভাবকের সঙ্গে শেষবারের মতো দেখা। সেই মুহূর্তের আবেগ, খালেদা জিয়ার স্নেহের স্মৃতি এবং তার কাছ থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষা সারাজীবন সঙ্গে থাকবে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, খালেদা জিয়া চলে গেলেও তার রেখে যাওয়া আদর্শ, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং কোটি মানুষের ভালোবাসা তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি কর্মীর হৃদয়ে তিনি একটি সংগ্রামের নাম।
খালেদা জিয়ার জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদৌস কামনা করেন। একই সঙ্গে খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগিয়ে নেওয়ার শক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’


