শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
প্রেস সচিব শফিকুল আলম
expand
প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনীতি ও ব্যবসা বিষয়ক খবর কভার করা সাংবাদিকদের শুধু অধিকার নয়, বরং দায়িত্ব হচ্ছে কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, অনেক অর্থনীতিবিদ বাছাই করা কিছু পরিসংখ্যানের ওপর ভর করে বড় বড় দাবি তুলতে পারদর্শী। তাদের ডিগ্রি, আত্মবিশ্বাস এবং চটকদার ভাষা অনেক সময় সাংবাদিকদের ভীত করে তোলে, ফলে প্রশ্ন তোলার সাহস কমে যায়।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নামকরা বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত অর্থনীতিবিদদের আভায় বিচলিত হওয়ার কিছু নেই। যখন কেউ সীমিত কিছু তথ্য দিয়ে নাটকীয় দাবি তোলেন, তখনই সাংবাদিকদের সুযোগ তৈরি হয় তা প্রশ্নবিদ্ধ করার।

শফিকুল আলম আরও উল্লেখ করেন, কার্যকরভাবে প্রশ্ন তুলতে হলে সামগ্রিক চিত্র জানা জরুরি। শুধু রপ্তানি, আমদানি, মুদ্রাস্ফীতি বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয়—বরং শ্রমবাজার, অপরাধের পরিসংখ্যান, আন্তঃখাত প্রভাবসহ নানা দিক বিশ্লেষণ করতে হবে।

তার মতে, সাংবাদিকদের হাতে যদি সামগ্রিক ডেটা বিশ্লেষণের মতো তথ্যভিত্তিক কাঠামো থাকে, তবে সহজেই বোঝা যায় কোন দাবি কতটা বাস্তব আর কতটা ফাঁপা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এতে সাংবাদিকরাই নিশ্চিত হতে পারবেন যে তাদের প্রতিবেদন অজান্তে জনগণকে বিভ্রান্ত করছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন