শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

আর মধ্যপ্রাচ্যে যদি ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হয় তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশে রোজা শুরু হবে ২০ ফেব্রুয়ারি।

প্রাথমিক অনুমান অনুযায়ী, মুসলমানদের সিয়াম সাধনার এই মাস শুরু হতে এখনো প্রায় ১৩৫ দিন বাকি।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের তথ্যমতে, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে রমজানের চাঁদ জন্ম নেবে (ইউএই সময়)।

তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন তা দেখা সম্ভব হবে না। সেই হিসেবে ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি—যা শেষ পর্যন্ত চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

জ্যোতির্বিদ আল জারওয়ান জানান, রমজানের প্রথম দিকে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য থাকবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, আর মাসের শেষ দিকে তা বাড়তে বাড়তে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সময়ে দিনের আলোর সময়ও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট হবে।

তিনি আরও উল্লেখ করেন, মাসের শুরুতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা শেষে বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। শুরুতে উত্তর দিকের ঠান্ডা বাতাস প্রবাহিত হলেও মাসের শেষ দিকে বসন্তের আবহ ও পশ্চিমা বাতাসের প্রভাব বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে তিনি আরও জানান, রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মৌসুমি গড় হিসাব অনুযায়ী এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন