

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের উনাইরপাড় খলিফাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুহাম্মাদ রফিকুল ইসলামকে হঠাৎই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মসজিদ কমিটি।
গত শনিবার (২৮ সেপ্টেম্বর) মাগরিবের নামাজ শেষে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা ইমাম রফিককে হঠাৎ সরিয়ে দেওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, প্রায় ৯৬ শতাংশ মুসল্লি এখনও তাকেই ইমাম হিসেবে রাখতে চান।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক এক জুমার খুতবায় ইমাম রফিক সমাজে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া, সুদ ও ঘুষের ভয়াবহতা নিয়ে কথা বলেন। এতে মসজিদ কমিটির সভাপতি, ক্যাশিয়ার ও সেক্রেটারি ক্ষুব্ধ হন।
অভিযোগ রয়েছে, কমিটির সভাপতি নিজেই অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত এবং এর আগে একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছিলেন। তাঁর প্রভাবেই ইমামকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
দায়িত্ব হারানোর একদিন পরই (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ইমাম রফিকের স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। বর্তমানে নবজাতক ও মা হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি মানবেতর অবস্থায় পড়েছে।
ইমাম রফিক বলেন, আমি শুধু কুরআন-হাদিসের আলোকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এজন্য আমাকে মিথ্যা অভিযোগে সরিয়ে দেওয়া হলো। স্ত্রীর অপারেশনের সময় এমন অন্যায় সিদ্ধান্ত আমার জীবনে বড় ধাক্কা।
তিনি আরও আহ্বান জানান, আলেম সমাজ, ইসলামপ্রেমী সাংবাদিক ও সাধারণ মুসলমানদের কাছে অনুরোধ-জালিম কমিটির বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমি শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিল বাংলাদেশের সহায়তা কামনা করছি।
মসজিদের সাধারণ মুসল্লিরা জানিয়েছেন, রফিক সাহেব সমাজে ইসলামি শিক্ষা প্রচারে নিবেদিত ছিলেন। সভাপতির ব্যক্তিগত স্বার্থে তাঁকে সরানো হয়েছে। আমরা আমাদের ইমামকে ফেরত চাই।
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুসল্লিরা দ্রুত ইমাম রফিককে পুনর্বহালের দাবি জানিয়েছেন এবং ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন
