শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্ক নয়, দায়িত্বশীল আচরণ চাই: ওয়ায়েজদের প্রতি জামায়াত আমির 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মসজিদে যারা নামাজে নেতৃত্ব দেন, তাদের সমাজে ইতিবাচক নেতৃত্বের উদাহরণ স্থাপন করতে হবে।

সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ওলামা ও আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা সময়ের দাবি।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত “দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে মুসলমানদের সংখ্যা প্রায় ৯০ শতাংশ। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। আমরা কখনও ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নই।”

তিনি ইসলামী শক্তির ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “দেশবাসী ইসলামী দলগুলোর ঐক্য চায়। তাই বিভেদ সৃষ্টিকারী বা বিভ্রান্তিমূলক কোনো বক্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

জামায়াত আমির আরও বলেন, “দাঈদের মধ্যে বিনয় থাকা জরুরি। আল্লাহ বিনয়ী মানুষকে ভালোবাসেন, মানুষও ভালোবাসে।

কোনো অবস্থাতেই বাহাস বা আত্মঘাতী বিতর্কে জড়ানো ঠিক নয়। আমরা সবাই আল্লাহর সামনে আমাদের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করব—এই বোধ আমাদের মনে রাখতে হবে।”

তিনি আহ্বান জানান, সমাজ ও জাতিকে জাগ্রত করতে আধুনিক জ্ঞান ও বিজ্ঞানে পারদর্শী হতে হবে। “রাসূল (সা.) যেমন দায়িত্ব পালন করেছেন, আমরাও তাঁর পথ অনুসরণ করব।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, এর দাওয়াত সবাইকে দিতে হবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে,”—যোগ করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উলামা কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ বেশ কয়েকজন আলেম।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, “আমাদের কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী দাওয়াত মানুষের সামনে তুলে ধরতে হবে। ইসলামের প্রকৃত বার্তা পৌঁছাতে হলে বিভাজন বা বিতর্ক নয়, সঠিক উপস্থাপনই জরুরি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন