সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:২৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ সোমবার (২৫ মে) থেকে। আগামীকাল মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

এরই মধ্যে রোববার (২৪ মে) রাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা পবিত্র নগরী মক্কা থেকে মিনায় পৌঁছেছেন।

শরিয়তের বিধান অনুসারে হাজীরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা।

সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন হাজীরা। শরিয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন হাজীরা। সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজীরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগে মিনার ত্যাগ করবেন হাজীরা।

চলতি বছরে বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন