

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবাসে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে ইতালির রাজধানী রোমে মুসলিম কমিউনিটি সেন্টার (এমসিসি) মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং এমসিসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মো. জসিম উদ্দিন ও মসজিদ কমিটির সদস্য শাকিল আহমেদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিমাসের চেয়ারম্যান ড. মুক্তার হোসেন মার্ক, রোমের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল্লাহ আল ফারুক, তরপিনাত্তারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন, সাংবাদিক জমির হোসেন ও মিনহাজ হোসেন।
শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন জায়েদুল হক মুকুল, নাদিম মোহাম্মদ, মফিজুল রহমান মিলন, আসলাম মৃধা ও মোহাম্মদ শহীদসহ অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজের পাশাপাশি মাদ্রাসাগুলো শিশু-কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা মুসলিম কমিউনিটি সেন্টার মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, ইউরোপের বহুজাতিক পরিবেশে বসবাস করেও সন্তানদের ধর্মীয় শিক্ষা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানের একপর্যায়ে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে রোমের বিভিন্ন সামাজিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসে শিশু-কিশোরদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মুসলিম কমিউনিটি সেন্টার মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

