শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা শাওনকে নোটিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন
expand
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন

চাঁদাবাজি ও অপহরণের মামলায় গ্রেপ্তারের পর জামিন পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

রবিবার (১২ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশে শাওনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে বলা হয়, “আপনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে রয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে আপনার বিরুদ্ধে সংগঠনের নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করুন।”

এর আগে শনিবার (১১ অক্টোবর) চাঁদাবাজি ও অপহরণ মামলায় জামিন পান নাছির উদ্দিন শাওন। মামলার বাদী নাঈম আহমেদের জিম্মায় তাকে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, “মামলার বাদীর জিম্মায় ছাত্রদল নেতা শাওনকে জামিন দেওয়া হয়েছে।”

মামলার এজাহার অনুযায়ী, গুলশান থানায় ছাত্রদল নেতা শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবি করার অভিযোগে মামলা হয়।

এ ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) মোহাম্মদ ইদ্রিস (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ব্যবসায়ী শেখ নাঈম আহমেদ বাদী হয়ে শাওনসহ ইদ্রিস ও অজ্ঞাতনামা আরও ৮–১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন