

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কয়েক মাস ধরে টানাপোড়েনের মধ্যে আছে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে দ্বন্দ্ব এখনও মিটেনি। এ নিয়ে দফায় দফায় চিঠি বিনিময় ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো দুপক্ষই নিজেদের অবস্থানে অটল।
গত জুনে নিবন্ধনের আবেদন করার সময় এনসিপি শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন প্রতীকের আবেদন করেছিল। পরে দলটি অন্য দুটি প্রতীকের সঙ্গে পেছনে সরে এসে কেবল শাপলা প্রতীককে কেন্দ্র করে নিজেদের দাবিতে জোর দেয়।
এনসিপি শাপলার বাইরে কোনো বিকল্প গ্রহণ করতে নারাজ। কিন্তু রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত না থাকায়, কমিশন এনসিপির আবেদন বারবার নাকচ করে দিয়েছে।
সবশেষ ৭ অক্টোবর, এনসিপি শাপলা প্রতীকের সাতটি নমুনা ইসিকে পাঠায়। তবে কমিশন সেগুলো গ্রহণ করেনি। পাল্টা চিঠিতে ইসি স্পষ্ট জানায়, বিধিমালার তালিকায় থাকা কোনো প্রতীক বেছে নিতে হবে। রোববারের মধ্যে জবাব না দিলে, কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ দেবে। তবু এনসিপি এখনো আগের অবস্থানেই অনড়।
১৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিধিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া সম্ভব নয়। রোববারের মধ্যে তালিকাভুক্ত প্রতীক বেছে নিতে হবে; না হলে কমিশন নিজ বিবেচনায় বরাদ্দ দেবে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এখনও কোনো আইনি ব্যাখ্যা ছাড়া কমিশন নিজের মতো আমাদের ওপর প্রতীক চাপিয়ে দিতে চাচ্ছে। এটা স্বেচ্ছাচারী আচরণ। এখন দেখা প্রয়োজন কমিশন কি কোনো সংস্থা বা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে কি না।
তিনি আরও বলেন, শাপলার বাইরে কোনো বিকল্প আমরা চাই না। শাপলার বিভিন্ন নমুনা ইসিকে পাঠানো হয়েছে। অন্য প্রতীক বরাদ্দ দিলে তা আমরা গ্রহণ করবো না। আইনগত ও রাজনৈতিক দিক বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শাপলা ইস্যুতে আরও একটি বিতর্ক রয়েছে। এনসিপির আগে নাগরিক ঐক্য দলেরও শাপলার জন্য আবেদন ছিল, যা কমিশন খারিজ করেছিল।
আখতার হোসেন বলেন, নাগরিক ঐক্য শাপলার জন্য শেষ পর্যন্ত লড়াই করেনি। কমিশনও তাদের আবেদন খারিজ করে। কিন্তু আমরা দৃঢ় অবস্থানে রয়েছি এবং শাপলার বাইরে অন্য প্রতীক নেব না।
মন্তব্য করুন
