শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার কারণ জানাল এনসিপি নেতা আখতার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পিএম
সংবাদ সম্মেলনে আখতার হোসেন।
expand
সংবাদ সম্মেলনে আখতার হোসেন।

বহুল আলোচিত ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হলেও অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মূল জুলাই গণআন্দোলনের অন্যতম সংগঠক এই দলটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, আর চুক্তিতে সইও করেননি।

শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি জানান, সনদের কোনো আইনি ভিত্তি বা বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি না থাকায় এনসিপি অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়।

আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ও লক্ষ্য বাস্তবায়নের পথ যদি অস্পষ্ট থাকে, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। তিনি জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য সিনিয়র নেতা। তারা জানান, জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদকে আমরা কেবল রাজনৈতিক সমঝোতা বা ফাঁকা অঙ্গীকার হিসেবে দেখি না। এটি দেশের স্বৈরাচারী শাসনের ভিত্তি ভেঙে গণতান্ত্রিক রূপান্তরের নীলনকশা। তাই এই সনদের জন্য পরিষ্কার আইনি ও সাংবিধানিক কাঠামো অপরিহার্য।

দলটির মতে, সনদ বাস্তবায়নের পদ্ধতি যেমন “জুলাই সনদ আদেশ, ‘গণভোট’ এবং ‘সংবিধান সংশোধনের ক্ষমতাসম্পন্ন সংসদ’ -এই কাঠামোর উল্লেখ থাকা জরুরি ছিল। অথচ বর্তমান অঙ্গীকারনামায় তা অনুপস্থিত।

এনসিপির ভাষ্য, রাজনৈতিক দলগুলো যদি অতীতের মতো প্রতিশ্রুতি ভঙ্গের চক্রে পড়ে যায়, তাহলে জনগণের বিশ্বাস হারিয়ে যাবে। তাই তারা প্রথমে সনদের বাস্তবায়ন আদেশ ও পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখতে চায়, তারপরই স্বাক্ষর করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন