

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে এবং নোট অব ডিসেন্ট নিয়ে পরিষ্কার ধারণা না থাকায় এতে স্বাক্ষরের বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার (১৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন এনসিপির সদস্য সচিব আখতার।
তিনি বৈঠকে বলেন, জুলাই সনদ গঠনে এনসিপি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। আমরা ঐকমত্য তৈরিতে কাজ করেছি এবং সনদের আইনি ভিত্তি ও তার অধীনে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে চেয়েছি।
তবে সনদ বাস্তবায়নের নির্দিষ্ট নির্দেশনা না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আদেশ, গণভোট এবং সংসদকে সাংবিধানিক ক্ষমতা দিতে হবে। কিন্তু সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং নোট অব ডিসেন্ট কীভাবে কার্যকর হবে, তা খোলাসা করা হয়নি। আদেশটি কেমন হবে তাও পরিষ্কার নয়। সংবিধান ও জাতীয় সনদ অনুযায়ী এটি প্রধান উপদেষ্টার জারিকৃত আদেশ হতে হবে।
গণভোট সংক্রান্ত অস্পষ্টতাকেও তিনি তুলে ধরেন এবং দাবি করেন, জুলাই সনদকে টেকসই করতে হলে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করতে হবে। নাহলে শেষ মুহূর্তের শঙ্কা অর্জন অনিশ্চিত রাখবে। তিনি জানান, রাজনৈতিক স্বদিচ্ছা ও সরকারের দৃঢ় ভূমিকা থাকলে এই সংকট কাটানো সম্ভব।
এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে। তবে এতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের নির্দিষ্ট উপায় উল্লেখ নেই। পরে কমিশন অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে এ সংক্রান্ত সুপারিশ দেবে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ শুরু করে। প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো হয়েছে ৮৪টি সংস্কার প্রস্তাব। এ প্রস্তাবগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রায় তিন হাজার অতিথি অংশগ্রহণ করবেন। ৩০টি রাজনৈতিক দল ও জোটকে সনদে সই করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
জুলাই জাতীয় সনদ তিনটি ভাগে বিভক্ত: প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা।
মন্তব্য করুন
