

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’। এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
সংবিধান ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বিষয়গুলোর বাস্তবায়ন পদ্ধতি এবং বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতবিরোধ থাকলেও, সনদে অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট সব পক্ষ বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রতিটি দলই জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের দুইজন প্রতিনিধির নাম পাঠিয়েছে।
জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সনদে স্বাক্ষরের জন্য তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির পক্ষ থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এই সনদে স্বাক্ষর করবেন। দুজনই সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, জুলাই সনদের চূড়ান্ত কপি এখনো আমাদের হাতে আসেনি। পাশাপাশি এটি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত জানার পরই এনসিপি তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, যদি এনসিপি সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে, তাহলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানে অংশ নেবেন।
এনসিপির নেতারা মনে করছেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো সংস্কারের একটি ঐতিহাসিক মোড় পরিবর্তন ঘটাবে এবং আগামী রাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব সুদূরপ্রসারী হবে।
মন্তব্য করুন
