

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের জাতীয় সংসদ প্রার্থী আখতার হোসেন বলেছেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় ধর্মবিশ্বাসী মানুষের ওপর অন্যায় আচরণ করা হয়েছে।
তিনি বলেন, দাড়ি বা টুপি পরলেই কাউকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনেক নিরপরাধ মানুষ জেলে পচে মরেছে। নতুন বাংলাদেশে ইসলামের প্রতি কোনো ধরনের বিদ্বেষ আমরা বরদাশত করব না।
শনিবার (১১ অক্টোবর) রাতে রংপুরের পীরগাছা ইউনিয়ন পরিষদের পাশে স্বাধীনতা চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ঐতিহাসিক সফর শেষে দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মীরা এ সংবর্ধনার আয়োজন করেন।
গণসংবর্ধনা শেষে আয়োজিত এক পথসভায় আখতার হোসেন বলেন নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচারী শাসন চলবে না। রাষ্ট্রীয় কাঠামোকে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে এনসিপি সবসময় সংস্কারের পক্ষে সোচ্চার ছিল।
তিনি আরও বলেন, এক সময় এই দেশে এক ব্যক্তির ইচ্ছাতেই রাষ্ট্র পরিচালিত হতো। জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত্য কমিশনে সেই একক আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে জনগণ যে অর্জন করেছে, কোনো চাপ বা প্রভাব যেন সেই অর্জনকে ক্ষুণ্ণ করতে না পারে-এ বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।”
উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্যের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, জাতীয় বাজেট বা উন্নয়ন প্রকল্পে উত্তরাঞ্চল প্রায়ই উপেক্ষিত থাকে। এখানকার মানুষের প্রাপ্য অংশ দীর্ঘদিন ধরে তারা পায়নি। উত্তরবঙ্গের প্রতি ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা দৃঢ়ভাবে কাজ করব।
গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, বাবুল আখতার, এবিএম মিজানুর রহমান সানা, ইশরাত শারমিন মনি ও প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন এহসান মাহিমসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার নয়টি ইউনিয়ন থেকে শাপলা প্রতীকের ব্যানারে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা স্বাধীনতা চত্বরে এসে যোগ দেন।
মন্তব্য করুন
