

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় সড়ক সংস্কার না হলে ওই সড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তার এমন মন্তব্যের অডিও রেকর্ড বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।
দুই মিনিটের ওই কল রেকর্ডে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলতে শোনা যায় কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে।
অডিওতে হাসনাতকে বলতে শোনা যায়, অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না।
এর জবাবে প্রকৌশলী মোস্তফা বলেন, রাস্তা বন্ধ করবেন কি না, সেটি আপনার অধিকার। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
হাসনাত পরে আরও বলেন, এই রাস্তায় মানুষ ঠিকমতো হাঁটতে পারে না, গাড়িও চলাচল করতে পারে না। অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে কাজ শুরু না হলে আমরা রাস্তায় ধান লাগিয়ে দেব। নিউমার্কেটের দিকের অংশটা এখন এমনিতেই ধান চাষের উপযোগী। ধান লাগিয়ে ১৫ দিনের মধ্যে ফসলও তুলতে পারব। রাস্তা ঠিক না হলে দেবিদ্বার দিয়ে একটা গাড়িও চলবে না।
প্রকৌশলী মোস্তফা উত্তরে বলেন, আজ ৬ তারিখ। নিয়ম মেনে কাজ এগোচ্ছে, কিছুটা সময় দিন। যত দ্রুত সম্ভব মেরামতের কাজ শুরু করব।
কিন্তু হাসনাত তার অবস্থান থেকে সরে আসেননি। তিনি আরও বলেন, আপনাদের রাস্তা কোনোভাবেই চলাচলের উপযোগী নয়। ফুলগাছতলা থেকে নিউমার্কেট পর্যন্ত পুরো রাস্তা ভাঙা। অক্টোবরের ২০ তারিখের মধ্যে কাজ না ধরলে দেবিদ্বার হয়ে কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।
অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত বলেন, আমি দেবিদ্বারের উন্নয়নের স্বার্থে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। এলাকার মানুষ কষ্ট পাচ্ছে, তাই এমন অবস্থান নিয়েছি। উন্নয়ন কাজ যেন অবহেলায় পড়ে না থাকে, সেটিই আমার উদ্দেশ্য।
অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, দেবিদ্বার অংশে সড়ক প্রশস্ত করার কাজ চলমান। ডিভাইডার দেওয়ার পর সাময়িকভাবে ইট সলিং করা হয়েছিল, কিন্তু বৃষ্টিতে তা বসে গর্ত তৈরি হয়েছে। নতুন করে দুই পাশের ২৪ ফুট সড়ক কংক্রিট ঢালাই দিয়ে নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে। টেন্ডার সম্পন্ন হয়েছে, খুব শিগগিরই কাজ শুরু হবে।
মন্তব্য করুন
