শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে এনসিপিকে শাপলা দিচ্ছে ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম
জাতীয় নাগরিক পার্টি-শাপলা প্রতীক। ফাইল ছবি
expand
জাতীয় নাগরিক পার্টি-শাপলা প্রতীক। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের বহুদিনের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পাওয়ার অপেক্ষায়।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, দলটির আবেদনের প্রেক্ষিতে প্রতীকটি নতুন করে অন্তর্ভুক্ত করার উদ্যোগ চলছে।

ইসির সর্বশেষ প্রকাশিত গেজেটে ‘শাপলা’ প্রতীক না থাকলেও বিষয়টি পুনর্বিবেচনায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এনসিপির আবেদনটি নীতিগতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং বিধিমালা সংশোধনের পর প্রতীকটি পুনরায় যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার বিষয়ে কোনো আপত্তি না থাকার কথা আনুষ্ঠানিকভাবে ইসিকে জানিয়েছে।

সূত্র মতে, এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়টি রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতীক ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে অযথা দ্বন্দ্বে যাওয়ার কোনো কারণ দেখি না। এনসিপিকে শাপলা প্রতীক দিলে তাতে আমাদের আপত্তি নেই।”

এনসিপির পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে ‘শাপলা’ প্রতীক পুনর্বহালের অনুরোধ জানানো হয়েছে। দলটির নেতারা জানান, বিকল্প কোনো প্রতীক গ্রহণে তারা রাজি নন।

দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “শাপলা প্রতীক আমাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এটি শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়, জনগণের সঙ্গে আমাদের সম্পর্কের প্রতিফলন।”

তিনি আরও যোগ করেন, “কমিশনের তালিকায় প্রতীকটি না থাকা একটি প্রশাসনিক সীমাবদ্ধতা। তবে আমরা আশাবাদী, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচিত হবে।”

এর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, এনসিপির শাপলা প্রতীক দাবির বিষয়ে বিতর্ক সৃষ্টি হলে দলটির কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করেন। তাদের অনুরোধ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে মান্না বলেন, “ইসি যদি এনসিপিকে শাপলা প্রতীক দেয়, আমরা তাতে কোনো আইনি পদক্ষেপ নেব না।”

উল্লেখ্য, নাগরিক ঐক্যের বর্তমান প্রতীক ‘কেতলি’। তবে দলটি নিবন্ধনের সময় ‘শাপলা’ প্রতীক দাবি করেছিল, যা তখন কমিশন নাকচ করে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, “শাপলা প্রতীক আগেও নাগরিক ঐক্য দাবি করেছিল, তখনও দেওয়া হয়নি। বিষয়টি এখন নীতিগতভাবে পর্যালোচনার মধ্যে আছে।”

গত ৩০ সেপ্টেম্বর এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের পর থেকেই এনসিপি তাদের পুরোনো প্রতীক ‘শাপলা’ পুনরুদ্ধারের জন্য নিয়মিত আবেদন করে আসছে।

২ অক্টোবর ইসি ১১৫টি প্রতীকের নতুন গেজেট প্রকাশ করে। তাতে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত থাকায় জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনর্বহাল করা হয়। কিন্তু এনসিপির আবেদন করা ‘শাপলা’ তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।

ইসি সচিব আখতার আহমেদ তখন জানান, “বর্তমান তালিকায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে দলটি বিকল্প প্রস্তাব দিলে তা বিবেচনা করা হতে পারে।”

এনসিপি নেতারা আশাবাদী, রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের পর শাপলা প্রতীকটি পুনরায় তালিকায় যুক্ত হলে তাদের দলটি নতুন উদ্যমে নির্বাচনী ময়দানে নামতে পারবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন