শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার ৩ মাসও টিকত না: নাহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের পর গঠিত বর্তমান সরকার ছাত্র উপদেষ্টাদের অংশগ্রহণ ছাড়া টিকত না। তার ভাষায়, “ছাত্রদের ভূমিকা না থাকলে সরকার তিন মাসও টিকে থাকতে পারত না।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল?

এর জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুরু থেকেই জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। ফলে ছাত্র নেতাদেরই এই দায়িত্ব নিতে হয়েছে। ছাত্রদের শক্তি না থাকলে সরকার অল্প সময়েই ভেঙে পড়ত।”

তিনি আরও দাবি করেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য তাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। “কিছুজনের ওপর আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছি,”—বলেন তিনি। পাশাপাশি তিনি সতর্ক করেন, প্রয়োজনে সংশ্লিষ্টদের নাম প্রকাশ করবেন।

নাহিদ ইসলামের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যেই ‘নিরাপদ প্রস্থান’ বা রাজনৈতিক সুরক্ষার চিন্তা করছেন এবং বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগও রাখছেন। তার মতে, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন ছাত্র প্রতিনিধিদের মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আসেন। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আরেক ছাত্র নেতা মাহফুজ আলম, যিনি সজীব ভূঁইয়ার সঙ্গে এখনো উপদেষ্টা পরিষদে আছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন