শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াত মনোনীত প্রার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম
আবদুল মহিত তালুকদারের-নূর মোহাম্মাদ
expand
আবদুল মহিত তালুকদারের-নূর মোহাম্মাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবদুল মহিত তালুকদারের মনোনয়ন পাওয়ার পর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নূর মোহাম্মদ তার ফেসবুকে শুভেচ্ছা জানান।

তিনি পোস্টে লেখেন, ‘শুভেচ্ছা ও অভিনন্দন মহিত ভাই৷ বগুড়া—৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মহিত তালুকদার।

তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার মরহুম পিতা আমাদের সংসদীয় এলাকার তিন বারের সংসদ সদস্য ছিলেন। তার মরহুম বড়ো ভাই দুই বারের সংসদ সদস্য ছিলেন। মহিত ভাই নিজে ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান জনাব মহিত তালুকদারকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তালুকদার পরিবার আমাদের এলাকাকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে এবং এলাকার উন্নয়ন ও সমৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করেছে। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত একজন মানুষ। ব্যক্তি জীবনে তিনি সজ্জন ও ভদ্র মানুষ।

আমার সৌভাগ্য—ঐতিহ্যবাহী এই রাজনৈতিক পরিবারের তৃতীয় ধারার সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জনপরিসরে তুলে ধরব; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

মহিত ভাই, তার দল এবং দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি, আমরা একটা জম্পেশ নির্বাচনী মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব।

আদমদীঘি—দুপচাঁচিয়া জিন্দাবাদ৷ বাংলাদেশ জিন্দাবাদ’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন